মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর( মানিকগঞ্জ)থেকে:মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মানিকনগর হতে সিরাজপুর ১১ কিমি সড়কের অধিকাংশ জায়গায় পিচঢালাই, ইট বালু,সুরকি ওঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে । গুরুত্বপূর্ণ এ খানা-খন্দে ভরা সড়কটি দিয়ে প্রতিদিন নানা ধরনের যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে । এতে দুর্ঘটনা ঘটছেও প্রতিনিয়ত। বেশ কয়েক বছর আগে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মাহাবুল ইসলামের দায়িত্বে বিভিন্ন ভাঙ্গা স্থানে নিম্নমানের কয়েক গাড়ি রাবিশ দিয়ে রাস্তা সংস্কার করা হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফলে ভোগান্তি কোনো ভাবেই যেন দূর হচ্ছে না। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করনের কাজ করায় কয়েক বছর যেতে না যেতেই রাস্তার এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। আর এতেই এ সড়ক যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে সিংগাইর- মানিকনগর-সিরাজপুর হাট পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার রাস্তার মধ্যে ২০২২ – ২০২৩ অর্থ বছরে মানিকনগর পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ হালনাগাদ হয়। মানিকনগর হতে সিরাজপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ অসম্পূর্ণ থাকে। দীর্ঘদিন বাকী অংশ সংস্কার না হওয়ায় সড়কটি দক্ষিণ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিনত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু পানি জমে কাঁদা পানিতে একাকার হয়ে যায়। এ বেহাল রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও অফিসগামী লোকজন যাতায়াত করে থাকে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের চরম মাশুল দিতে হয়।
সরেজমিনে শনিবার দুপুরে গিয়ে পথচারী আইনজীবী সাইফুল ইসলামের সাথে কথা হয় তিনি বলেন,এ রাস্তার যে অবস্থা তাতে খালে পরিনত হয়েছে। মোটরসাইকেল নিয়ে জামা কাপড় ভিজেই কোন রকম চলে আসলাম। তিনি স্থানীয় এমপি ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্তকে রাস্তাটি তাড়াতাড়ি মেরামতে দৃষ্টি আকর্ষণ করেন।
শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী আবু রায়হান জানান,দীর্ঘদিন যাবৎ ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তা খানাখন্দের কারনে সময়মত স্কুলে যেতে পারিনা। তাই দূর্ভোগ লাগবে দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অটোচালক আবু বক্কর, আমির হোসেন,নায়েব আলী জানান,ভাঙ্গাচূড়া রাস্তা দিয়ে অটো চালিয়ে যা কামাই,তাই গাড়ী পিছে খরচ হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ.গোলাম সামদানী জানান,আমি নতুন যোগদান করেছি । তারপরও দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করার চেস্টা করব।
