সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে আল ইসলাম(৩৫)নামের এক যুবক ফাঁসি নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শনিবার(২৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল ইসলাম ওই গ্রামের আয়ূব আলীর পুত্র। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় নিহতের মা রাহেলা ও বড় ভাবি কল্পনার সাথে। তারা জানান,শনিবার সকাল ৮ টার দিকে আল ইসলাম তাদের ক্রয়কৃত রাস্তার একটি কাঠ গাছ কাটতে যায়। এসময় প্রতিবেশী আনু বেপারি(৬৫) তার স্ত্রী ময়না(৬২) পুত্র আজিজ বেপারি(৪০) কন্যা কাজলি(৩৫) ও আজিজ বেপারির স্ত্রী লিপি আক্তার(৩৮) এসে গাছের মালিকানা দাবি করে আল ইসলামকে মারপিট করতে থাকে। ডাক-চিৎকারে তার মা এগিয়ে গেলে বহিরাগত ১০-১২ জন কিশোর গ্যাং পক্ষ নিয়ে দু,জনকেই বেধম প্রহার করে। প্রতিবেশী শাহিন খাঁর পুত্র মুসফিকের(১৮) ঘুষিতে রাহেলার দাঁত পরে যায় বলে ওই পরিবারের অভিযোগ। এ ঘটনার কোন সুরাহা না পেয়ে রাতেই পরিবারে অগোচরে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় আল ইসলাম। অভিযুক্তদের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। আনু বেপারির স্ত্রী ঝগড়ার কথা স্বীকার করে জানান, গাছের ওই জায়গাটা আমাদের না। তবে ওই গাছের অর্ধেক আমাদের দেয়ার কথা ছিলো। এ কথা বলতে গেলে আল ইসলাম আমার স্বামী ও পুত্রকে মারপিট করে। নিহত’র পরিবারে চলছে শোকের মাতম। এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *