মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়”নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ অংশ গ্রহনে আগ্রহী ১২ থেকে ১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার পপি। রেজিস্ট্রেশনের সময় দেয়া হয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ! আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধূলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এতে যাদের জন্ম তারিখ ২ মে ২০১২ থেকে ২ মে ২০১৪ তারা অংশ নিতে পারবে। ক্যাটাগরিতে থাকছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।
অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৮-২৯ এপ্রিল উপজেলা পর্যায়ে দল গঠনের পরে, বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা। ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকার সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ।
১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মূল উদ্দেশ্য।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তা করবে।
