সিংগাইরে যুবকের লাশ উদ্ধার

মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে পাটক্ষেত থেকে লালন (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি এলাকার রাস্তার ৩০ গজ পশ্চিমে পাটক্ষেত থেকে এ লাশটি উদ্ধার করেন। নিহত-আমির হোসেন দেওয়ান লালন (৩৮) ২ সন্তানের জনক। তিনি সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের মৃত. হারুন-অর-রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের সিদ্দিক আলী তার পাটক্ষেতে কাজ করতে কামলা নেয় একই এলাকার কান্দন আলীর ছেলে মিলনকে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মিলন কাজ করতে গেলে পাশে আবুল হোসেনের পাটক্ষেতে লাশ দেখতে পায়। পরে সে স্থানীয় সাবেক মেম্বার আবদুল কাদেরকে জানায়। তিনি লাশ সনাক্ত করতে না পেরে বলধারা ইউপি চেয়ারম্যান আবদুল মাজেদ খানকে অবগত করেন। চেয়ারম্যান সিংগাইর থানায় খবর দেন। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন।
নিহতের বড় ভাই হাবিবুর রহমান জানান, আমার ভাই লালন শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পার্শ্ববর্তী ঘোনাপাড়া হাসপাতাল এলাকা থেকে সাইকেল চালিয়ে বাড়ি আসার সময় পথিমধ্যে ৫/৬ জন যুবক সাইকেলে লাথি মেরে ফেলে দিয়ে লালনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সাথে সাথে আমরা বিষয়টি মৌখিকভাবে থানা অবগত করি এবং বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকি।শনিবার সকাল ১১ টার দিকে খোয়ামুড়ি এলাকার লাশের খবর শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে আমার ভাইয়ের লাশ সনাক্ত করি।

এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি মো. আলমগীর হোসেন, থানার ওসি আব্দুস সাত্তার মিয়া ও ওসি (তদন্ত) আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তবে পিটিয়ে হত্যা করে রাতের যেকোনো সময় লাশ ফেলে গেছে আমাদের ধারনা। মামলার প্রস্তুিত চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *