সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গরীব, অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দ ইউএনওর হেফাজতে রাখা জরুরি ত্রাণসামগ্রীর আংশিক পঁচে নষ্ট হয়েছে বলে জানা গেছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল-চাল ১০কেজি, আলু ৫ কেজি, ডাল ২ কেজি, পিয়াজ ২ কেজি, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সেমাই ২ প্যাকেট।
সূত্রে জানা যায়, ৩ মে ২১ ইং তারিখে ১২১ নং স্মারকমূলে সিংগাইর উপজেলায় দুস্থদের জরুরি ত্রাণ সহায়তার জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ দেন- দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সেই ১ লক্ষ টাকা দিয়ে উপজেলা নির্বাহী অফিসার পণ্যসামগ্রী ক্রয় করে ১০০টি প্যাকেট করেন। রমজান মাসে গরীবদের ১০টি প্যাকেট দিলেও বাকি ৯০ প্যাকেট ত্রাণসামগ্রী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে গাড়ি রাখার গ্যারেজ সংলগ্ন রুমে অরক্ষিত অবস্থায় রেখে দেন।
এ খাদ্য সামগ্রী মজুদ থাকা সত্ত্বেও ৩৩৩ নম্বরে ঈদের আগে একাধিকবার ফোন দিয়েও জনৈক উপজেলার বাস্তা গ্রামের চাঁন মিয়া ও আছর উদ্দিন সহায়তা পাননি বলে অভিযোগ করেন।
এরই মধ্যে মঙ্গলবার দুপুরে গাড়ির গ্যারেজ সংলগ্ন রুম থেকে পচাঁ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ত্রাণসামগ্রীর প্যাকেট খুলে দেখে কিছু চাল, ডাল ভালো থাকলেও অধিকাংশ পন্য পঁচে নষ্ট হয়ে গেছে। বিষয়টি জানাজানি হলে মানুষের মাঝে চলে নানা কানাঘুষা।
উপজেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু নাসের বলেন, ওটাতো ইউএনও’র বাসায় ছিলো। আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না ।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা বলেন, এমন তথ্য কে দিয়েছে। ১’শ প্যাকেটের মধ্যে ৫৪ প্যাকেট বিতরণ করা হয়েছে। বাকী প্যাকেটের কিছু আলু পঁচে গেছে। সেগুলো কিনে বিতরণ করা হবে।
