সিংগাইর থানার ওসি রিসিভ করেন না সরকারি ফোন

সিংগাইর( মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি)জাহিদুল ইসলাম জাহাঙ্গীর রিসিভ করেন না অফিসিয়াল ফোন। পক্ষকালব্যাপী স্থানীয় গণমাধ্যম কর্মীরা একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করতে না পারায় আইনশৃঙ্খলা বিষয়ক সংবাদ পরিবেশন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ছাড়া একই অভিযোগ উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও এলাকার সাধারণ মানুষের। বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা – সমালোচনা। সিংগাইর প্রেসক্লাব সভাপতি এ প্রতিবেদক সংবাদ সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্যের জন্য ওসি সাহেবকে টানা ৩ দিন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সাধারণ সম্পাদক ইনকিলাব সংবাদদাতা রকিবুল হাসান বিশ্বাস বলেন, পত্রিকায় সংবাদ সংশ্লিষ্ট ঘটনায় সর্বশেষ শুক্রবার( ২১ ফেব্রয়ারি)এগারোটা ১৯ ও ৩৭ মিনিটে ফোন দিয়েও তাকে পাইনি। ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ জানান,ওসি সাহেব অফিসিয়াল ফোন তো ধরেন না, হোয়াটসঅ্যাপে ফোন দিলেও তা রিসিভ করেন না। সর্বশেষ বুধবার বিকেলেও একাধিকবার নক করে পাওয়া যায়নি।

দেশ রুপান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম তানভীর বলেন, বেশীরভাগ সময় ওসি সাহেব ফোন রিসিভ করেন না। আবার হঠাৎ রিসিভ করলেও ব্যস্ততা বা মিটিংয়ের কথা বলে লাইন কেটে দেন। এতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ প্রকাশে ব্যাঘাত ঘটছে। এদিকে,ওসি’র ফোন রিসিভ না করার ব্যাপারে স্থানীয় অন্যান্য গণমাধ্যম কর্মীরাও অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান,সরকারি কাজের জন্য আমার অফিসিয়াল নাম্বার থেকে ওসি সাহেবকে ফোন দিলে তিনি রিসিভ তো দূরের কথা,পরেও কল ব্যাক করেন না। আইনশৃঙ্খলার রক্ষায় গুরুত্বপূর্ণ পদে থাকা এ কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল)মোহাম্মদ.নাজমূল হাসান বলেন,সরকারি ফোন না ধরার কোনো সুযোগ নেই। বিশেষ করে সংবাদকর্মীদের ক্ষেত্রে আমরা বেশী গুরুত্ব দিয়ে থাকি। এ ধরনের অসহযোগীতার বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *