শ্রীনগরে পড়া না পারার অজুহাতে শিক্ষার্থীর মেরুদণ্ড ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে নির্মম মারধরের ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী আখি আক্তার (৯) উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদ্রাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আখিকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাকে বিষয়টি পরিবারের কাউকে জানালে আরও মারধরের হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে।

পরবর্তীতে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, ঘটনার বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি চেপে যেতে বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এদিকে, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদনরত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *