শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, ৮০ হাজার টাকা জরিমানা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করার দায়ে একটি কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কুকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।

অভিযানে “সততা আইসক্রিম ফ্যাক্টরি” নামের একটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি করার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে লাইসেন্স গ্রহণ না করেই তাদের লোগো পণ্যের মোড়কে ব্যবহার করছিল।

এসব অনিয়মের দায়ে কারখানার মালিক স্বপন দাসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এসময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *