ডেস্ক: ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে আবারো বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শিগগিরই প্যারিস একটি মুসলিম শহরে পরিণত হবে। এছাড়া চলমান পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপের নেতাদের সীমান্তে কড়াকড়ি আরোপের আহ্বানও জানিয়েছেন তিনি। তার দাবি, অভিবাসনই ফ্রান্সের চলমান অস্থিরতার মূল কারণ।
স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ফ্রান্সে যা ঘটছে, তার সঙ্গে অভিবাসনের সম্পর্ক রয়েছে; শিক্ষাব্যবস্থা বা অন্য কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এর আগের দিনও একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। গত রোববার ট্রাম্প বলেন, ‘এটা (বিক্ষোভ-সহিংসতা) অভিবাসনের কারণেই হচ্ছে। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছি, তোমাদের সীমান্ত বন্ধ করো।’
প্রসঙ্গত, জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে গত শনিবার প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে এসব বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির অন্যতম ভয়াবহ সহিংসতার ঘটনায় রূপ নেয়।
শনিবারের ওই বিক্ষোভে দুই হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় এক হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য আহত হন। বিক্ষোভকারীদের মধ্যেও আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি গ্রেনেডের আঘাতে এক বিক্ষোভকারীর হাত উড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে।
সূত্র: এনডিটিভি
