নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বুধবার দক্ষিণখান এলাকা পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি ওই এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সড়ক ও ফুটপাতের ওপর মালামাল রাখায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তাৎক্ষণিক এসব মালামাল নিলামে বিক্রির নির্দেশ দেন।
এ সময় ৭ নম্বর অঞ্চলের ৫০ নম্বর ওয়ার্ডের আজমপুর রেলগেট থেকে কসাইবাড়ি সংলগ্ন এলাকায় অবৈধভাবে কাঠের গুঁড়ি রেখে রাস্তা ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় মালামাল জব্দ করে সেগুলো নিলামের ব্যবস্থা করা হয়।
এ সময় ৫টি জায়গায় জব্দকৃত মালামাল আলাদাভাবে ৫টি স্পট নিলামে সর্বমোট ১১ লাখ ৩৭ হাজার টাকায় বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।
এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
