মানিকগঞ্জ জেলে হাজতির মৃত্যু

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ) মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।  বুধবার সন্ধ্যার পর কারাগারে তিনি হঠাৎ অসুস্থ পড়েন। পরে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম সাগর হোসেন (৪০)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালতলা এলাকার বাসিন্দা ছিলেন। সিঙ্গাইর থানায় করা নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন।

জেলা কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর হাজতি সাগর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় তাঁকে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা করে রাত ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী এ কে এম রাসেল বলেন, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাজতির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে জানতে আজ বৃহস্পতিবার সকালে কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে কারারক্ষী আফজাল হোসেন বলেন, হাসপাতালে মৃত হাজতির ময়নাতদন্ত করা হচ্ছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *