শামীম মাহমুদ সবুজ : করোনার মহামারীতে সারাদেশ চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষ কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছে। এমন দুস্থ অসহায় পরিবারের মাঝে সমাজের কিছু হৃদয়বান মানুষ আছে, যারা যেমন সামর্থ্য আছে তাদের ততটুকু সামর্থ্য নিয়েই অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলার নারিশা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১২ সালের শিক্ষার্থীরা তাদের মানবতার হাত বাড়িয়ে দিয়েছে এসব অসহায় মানুষদের দিকে।
তারা তাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের ত্রাণসামগ্রীর ব্যবস্থা করেন। সোমবার (৬ এপ্রিল) উপজেলার নারিশা পশ্চিমচর এলাকায় এ ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়।
এসএসসি ব্যাচ-২০১২ সালের আঁখি নামে এক শিক্ষার্থী নববাংলা কে জানান , তারা প্রায় ১০ টি ভিন্ন ভিন্ন পণ্য দিয়ে এক-একটি প্যাকেট করে। যার মধ্যে রয়েছে চাল, ডাল, খাবার লবন, চিনি, আলু, পিয়াজ, খাবার স্যালাইন ও ঔষধ ‘। তিনি মনে করেন সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে সমাজের কেউ আর অনাহারে থাকবে না।
