আইটি ডেস্ক: কয়েক ঘণ্টা পরই আসছে নতুন বছর। বিশ্ববাসী অপেক্ষা করছে নতুন এ ইংরেজি সালের আগমন উদযাপনের জন্য। আর এ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে একটি নববর্ষের ‘শুভেচ্ছা বার্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ হোয়াটসঅ্যাপেও একটি নববর্ষের ‘শুভেচ্ছা মেসেজ পাঠানো হচ্ছে সবাইকে। আলোচিত ম্যালিশাস এ শুভেচ্ছা বার্তার ট্যাগ লাইনে বলা হচ্ছে- ‘আই অ্যাম সেন্ড ইউ এ সারপ্রাইজ মেসেজ।’ নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে না বুঝেই অথবা অজান্তেই একটি স্প্যাম্প লিঙ্ক ফরোয়ার্ড করেছে। এ লিঙ্কটির ফলে মেসেঞ্জার আইডি নিয়ন্ত্রণে নিচ্ছে একটি দল।
বিষয়টি সম্পর্কে সতর্কবার্তা জানিয়েছে ফিলিপিন্সের এক সাইবার নিরাপত্তা সংস্থা। ম্যালিশাস ওই শুভেচ্ছা বার্তাটি খুললেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নিয়ে যাওয়া হচ্ছে নির্ধারিত একটি ওয়েবসাইটে। এরপর কৌশলে তাদের ডেটা চাওয়া হচ্ছে। ওই ডেটা নিয়ে ভুক্তভোগী ব্যবহারকারীর যোগাযোগ তালিকায় থাকা অন্যদেরও একই ধরনের ম্যালিশাস মেসেজ পাঠানো হচ্ছে- বলছে সাইবার সিকিউরিটি ফিলিপিন্স-কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম।
বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়া বার্তাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। জিনিয়া জাহান জুঁই নামে একজন ফেসবুক ব্যবহারকারী এ প্রসঙ্গে বলেন, খুবই ঝামেলার মধ্যে আছি এ মেসেজ নিয়ে। এটা সত্যিই খুব বিব্রতকর। কাছের মানুষজন এ মেসেজ পাঠাচ্ছে হয়তো বুঝে বা না বুঝে, তবে মনের ভুলে এ মেসেজ খুললেই ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। এ কারণেই বেশি ভয় পাচ্ছি আইডি হ্যাক হয়ে যায় কি না। আরেকজন ব্যবহারকারী ইসরাত বিন্তু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইনবক্স তো ভরে যাচ্ছে এ মেসেজে।’
এ বিষয়ে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একটি চক্র এ কাজটি করছে। তারা মূলত ফেসবুক মেসেঞ্জার নিজেদের আয়ত্তে আনতে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ দিচ্ছে। তবে এ মেসেজ থেকে সবাইকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এ ধরনের লিঙ্কে কেউ ক্লিক করবেন না।
কয়েকটি ওয়েবসাইটের তালিকা দিয়ে ফিলিপিন্সের নিরাপত্তা সংস্থা বলেছে, এসবই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। যার ভুক্তভোগী এখন সাধারণ ব্যবহারকারী। তাই এসব ওয়েবসাইটে প্রবেশ না করার পরামর্শ দিচ্ছে তারা।
ওয়েবসাইটগুলো হল :
১. উইশ-ইউ ডটকো (https://wish-you.co) ২. উইশফরইউ ডটকো (https://wish4u.co) ৩. মাই-মেসেজ ডটকো (https://my-msg.co) ৪. লুক-মি ডটকো (https://look-me.co) ৫. সারপ্রাইজফরইউ ডটমি (https://surprise4u.me) ৬. হুকজিস্ট ডটকম (https://hookgist.com) ৭. সি-ম্যাজিক ডটকো (https://see-magic.co) ৮. মেরা-স্টাইল ডটকম (https://mera-style.com) ৯. হোয়াটসঅ্যাপ-স্টাইল ডটকো (https://whatsapp-style.co)
১০. সি-ম্যাজিক ডটকো (https://see-magic.co) ১১. মাই-লাভ ডটকো (https://my-love.co)।
সাইবার নিরাপত্তাকর্মী আশিকুর রহমান অপু জানিয়েছেন, যারা এরই মধ্যে ভুলবশত ওই ম্যালিশাস শুভেচ্ছা বার্তা খুলে ফেলেছেন, তাদের দ্রুত ব্যাংক ও সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন, অ্যান্টি-ম্যালওয়্যার আপডেট, ব্রাউজার রিসেট দিলে এ থেকে মুক্তি পাওয়া যাবে বলে আশা করা যায়।
