সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জ সিংগাইর উপজেলা ফার্মেসিগুলোতে ‘নাপা’ ট্যাবলেট পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে এ ট্যাবলেটের সংকট থাকায় ভোগান্তি হচ্ছে সাধারণ রোগীদের। সিংগাইর পৌর বাজার, সদর, তালেবপুর, বায়রা, চারিগ্রাম, বলধারা, সায়েস্তা, জার্মিত্তা, চান্দহর, ধল্লা, জয়মন্টপ ইউনিয়নের বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে গত ১মাস আগে থেকে প্যারাসিটামল ট্যাবলেট ‘নাপা’ নেই।
স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা বলছে কোম্পানি থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাজারে ‘নাপা’ ট্যাবলেটের সংকট দেখা দিয়েছে।
সিংগাইর পৌর বাজারে পিংকি ফার্মেসির স্বত্ত্বাধিকারী মো. মঞ্জুরুল ইসলাম ও সেবা ফার্মেসির স্বত্ত্বাধিকারী জয় গোপাল এর সাথে এ ব্যাপারে কথা হয়। তারা জানান- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্যারাসিটামল গ্রুপের ‘নাপা’ ট্যাবলেট বেশকিছু দিন যাবৎ দিচ্ছে না। সারা দিন অনেক ‘প্রেসক্রিপশন’ আসে আমরা দিতে পারি না।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সিংগাইর উপজেলার বিক্রয় প্রতিনিধি মো. আখতারুজ্জামান বলেন-করোনাকালে নাপার চাহিদা বেড়ে যাওয়া পর্যাপ্ত সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে কিছু ফার্মাসিতে কম বেশি দেয়া হচ্ছে। অল্প কিছু দিনের মধ্যে এ সংকট আর থাকবে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা কবির বলেন- এ বিষয়টি আমার জানা নাই। আপনার কাছ থেকে শুনলাম। চাহিদা অনুযায়ী হয়তো উৎপাদন হচ্ছে না। যার জন্য সংকট দেখা দিতে পারে।
