নিজস্ব প্রতিবেদক: দোহারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পদ্মা সরকারি কলেজের প্রথম বিসিএস ক্যাডার অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ-এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পদ্মা সরকারি কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জালাল হোসেনের সভাপতিত্বে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকরা আব্দুল মজিদের এই স্বল্প সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন।
এসময় স্টাফ কাউন্সিলেরর সাধারণ সম্পাদকের পক্ষে কোষাধ্যক্ষ হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: মাসুদ রানা উল্লেখ করেন, মজিদ স্যার পদ্মা সরকারি কলেজে যোগদানের পর আমরা একটি অভ্যন্তরীণ পাকা রাস্তা, স্মার্ট হাজিরা, সিসিটিভি, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস রুমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পেরেছি, স্যার প্রকৃত অর্থে শিক্ষক-শিক্ষার্থী বান্ধব ছিলেন।
বিদায়ী বক্তব্যে অধ্যাপক মো: আব্দুল মজিদ বলেন, সবাই বলতো কর্মজীবনের অবসর মানেই জীবনের অবসায়ন, ঠিক আজকে বিদায়ের মুহুর্তে এসে আমার মনে হচ্ছে আজ আমার জীবনের অবসায়ন হতে চলছে। এসময় আব্দুল মজিদ আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
সভাপতির বক্তব্যে মো: জালাল হোসেন বলেন, মজিদ স্যার এই কলেজে যোগদানের পর আমি নিজেকে চাপমুক্ত মনে করেছি, আমার কোনো টেনশন ছিলোনা, মজিদ স্যার দক্ষ প্রশাসনের ভূমিকা নিয়েছিলেন। আমরা স্যার থেকে অনেক কিছু শিখেছি, আমি স্যারের জন্য দোয়া করি। এসময় বিদায়ী অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে আল-কোর’আন উপহার দেন শিক্ষার্থীদের পক্ষে মাকসুদুর রহমান বিপ্লব।
হিসাববিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ আব্দুল মজিদকে উপহার ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যবৃন্দ।
