নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মুফতী আব্দুল আলিম নিহত, মেয়ে গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মাধবদীতে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত ট্রাকের পেছনে হাইস মাইক্রোবাসের ধাক্কায় প্রখ্যাত আলেম হযরত মাওলানা মুফতী আব্দুল আলিম (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১২ বছর বয়সী মেয়ে ছাবিয়া গুরুতর আহত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোররাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর শেখেরচর এলাকায় হোটেল এক্স-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকার মিরপুরগামী একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯৫৩২৯) মহাসড়কে চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা দুই যাত্রী আটকা পড়েন। মাইক্রোবাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল স্টেশন অফিসার রায়হানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। পরে পাওয়ার ইউনিটের সাহায্যে র‌্যামজ্যাক ও স্প্রেডার ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে পড়া দুই যাত্রীকে উদ্ধার করা হয়।

আহতরা হলেন মুফতী আব্দুল আলিম (৫৫) ও তাঁর মেয়ে ছাবিয়া (১২)। পরে পুলিশি সহায়তায় তাঁদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুফতী আব্দুল আলিমের মৃত্যু হয়। তাঁর মেয়ে ছাবিয়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *