ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মঙ্গল (৬০) ও তার সহযোগী স্ত্রী লিপি বেগম (৪৫) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুইজন ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-শান্তিনগর গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
র্যাব সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারকে জানালে নবাবগঞ্জ থানা-এ মামলা দায়ের করা হয়।
ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার দুপুরে আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
