মো. নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে দুপুর ২টার পর সমস্ত নিত্যপ্রয়োজনীয় দোকান, শপিংমলসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে বাহিরে বের হলেই মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এক গুরুত্বপূর্ন বৈঠকে এমন সিদ্ধান্তে উপনিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় পরিষদ চেয়ারম্যান জানান, ইতোমধ্যে নবাবগঞ্জ উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আমরা যদি নিজেরা সচেতন না হয় কেউ এ থেকে রক্ষা পাবো না। তিনি আরোও জানান, শুক্রবার থেকে উপজেলার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান দুপুর ২টা থেকে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী বাহিরে বের হলেই মাস্ক পরিধান বাধ্যতা মূলক করা হয়েছে। যদি কেউ এনির্দেশনা অমান্য করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী জেল-জরিমানা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে আমি নবাবগঞ্জ উপজেলাবাসীকে অনুরোধ করতে চাই আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনি সহ আপনার পরিবার তথা রাষ্ট্রকে নিরাপদ রাখুন।
