ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের পর লাবিব পত্তনদার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৮ জুন) সকালে একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু লাবিব নবাবগঞ্জ উপজেলার আব্দুল জব্বার নূরানী কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও বাহ্রা রসুলপুর এলাকার হারুন পত্তনদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার লাবিব নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। লাবিবের নিখোঁজের সংবাদটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে শনিবার ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ বাহ্রা ইউনিয়নের রসুলপুর গ্রামের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাবিরের মরদেহটি উদ্ধার করেন। এ ঘটনায় সন্দেহজনকভাবে বাবুল পত্তনদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
নিহত লাবিবের মা চম্পা বেগম বলেন, তার ছেলেকে হত্যা করে ডোবাতে ফেলে দিয়েছে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
