নিজেস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা করেছে আহত যুবলীগ নেতা রাশেদুল ইসলাম। দায়েরকৃত মামলায় নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. পলাশসহ ৯ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত ২৫ জনকে আসামী করা হয়েছে। এঘটনায় পলাশের গাড়ী চালক দুবাই জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।জানা যায়, গত শনিবার রাতে ক্যাবল ব্যবসার নিয়ন্ত্রন ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার দিঘিরপাড় খালপাড় এলাকায় ক্যাবল ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সহ সম্পাদক রাশেদুল ইসলাম এবং উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমানের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। হামলায় আহত ওই দুইজন ছাড়াও একই পক্ষের বকসনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মারুফ হোসেন মুকুল ও মো. শাকিল এবং ইমরান নামে যুবক আহত হয়। রাশেদুল ও অলিউর বর্তমানে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রাশেদুলের অভিযোগ স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. পলাশের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।এবিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার রাতে দুবাই জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।
