স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গর্তে জমে থাকা পানি থেকে দ্বীন ইসলাম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বকসনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছোট বক্সনগর এলাকার আব্দুলের বাড়ির পেছনের একটি গর্তে বৃষ্টির জমে থাকা পানি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল। নিহত দ্বীন ইসলাম ওই এলাকার মো. আরিফের ছেলে।
নিহতের ছোট চাচা মহসিন জানান, রোববার সকাল ১০টায় আমার ভাতিজা বাসা থেকে খেলতে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আশেপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। বিকেলে নবাবগঞ্জ থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করি। পরে পুলিশ এসে তদন্ত করে যায়। এরপর আমরা রাত পর্যন্ত এলাকায় মসজিদে মসজিদে মাইকিং করি। আমার ভাতিজার কোনো সন্ধান পাইনি। সোমবার সকাল ১০টায় ওই গর্তের পানিতে স্থানীয়রা আমার ভাতিজার মৃতদেহ দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা এসে পুলিশে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহতের প্রতিবেশী আত্মীয় এক নারীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
