ঢাকার নবাবগঞ্জ উপজেলায় খালার কবর জিয়ারত করতে এসে পানিতে ডুবে আরিফ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মামাও পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘোশাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ সাভারের রাজাসন এলাকার বাসিন্দা। তার বাবার নাম রানা। পরিবারের তিন ভাইয়ের মধ্যে আরিফ দ্বিতীয়।
পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে আরিফের খালা মারা যান। বৃহস্পতিবার দুপুরে খালার কবর জিয়ারত ও কবর দেখতে মামার সঙ্গে পাশের এলাকার কবরস্থানে যায় আরিফ। একপর্যায়ে আরিফ পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারের চেষ্টা করেন তার মামা। এ সময় মামাও পানিতে ডুবে বিপাকে পড়েন।
দীর্ঘ সময় তাঁদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজ নিতে গিয়ে মামাকে পানিতে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাঁর জ্ঞান ফিরলে আরিফ পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানা যায়। এরপর খোঁজাখুঁজি করে আরিফকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মামাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হবে।
আরিফের এমন আকস্মিক মৃত্যুতে নবাবগঞ্জ ও সাভারে তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত আরিফের ময়নাতদন্ত করা হবে কি না, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি
