দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক খোন্দকার আবুল হাসেম (৯০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যু কালে তিনি চার ছেলে, নাতী, নাতনী এবং অসংখ্য গুনোগ্রাহী রেখে গিয়েছেন।
জানা যায় আবুল হাসেম ছিলেন, একজন সৎ ও রাজনৈতিক ব্যক্তিত্ব। আগর তলা ষড়যন্ত্র মামলার পর তার এবং উপজেলা আওয়ামীলীগের কয়েকজন প্রবীন রাজনৈতিক নেতার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম লঞ্চ যুগে নবাবগঞ্জ উপজেলায় আসেন।
আবুল হাসেমের বড় ছেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল আনোয়ার বেলাল আমাদের সময়কে জানান, আমরা দেখেছি আমার বাবা অনেক ভাল মানুষ ছিলো। সমাজকে পরিবর্তন এবং নানা উন্নয়ন কর্মকান্ডে তিনি ছিলেন সতন্ত্র প্রহরী। বাবা একাধারে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক আইন উপদেষ্টা, কচি-কাঁচা মেলার সাবেক পরিচালক, নবাবগঞ্জ থানার আইনজীবি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সরকারি আইনজীবি, ঢাকা জেলা আওয়ামীলীগ সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি, কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব খােন্দকার আবুল হাশেমের মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি আরিফুর রহমান শিকদার, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সহ উপজেলাধীন বিভিন্ন সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মরহুমের মৃত্যুতে শোক এবং শোক সম্পৃক্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
