দোহারের সাতভিটায় সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ‘নারিশা গার্লস স্কুল’ সংলগ্ন পদ্মা নদী থেকে সংযুক্ত খালটি ভরাট করে রাস্তা নির্মাণে কাজ করেছেন স্থানীয় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি।
বুধবার বিকেলে সরজমিনে সাতভিটা এলাকায় গিয়ে দেখা যায়, মাটি ভরাটের জন্য খালটির প্রায় ৪০ ফিট জায়গা জুড়ে বাশেঁর সাথে জাল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল আজিজের মত অনেকেই এই খালটি ভরাট করে নির্মাণ করেছেন রাস্তা, দোকান ও পয়োনিষ্কাশনের টাংকি। এসময় গার্লস স্কুল থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরে দেখা যায় ঠিক একই চিত্র।
খোঁজ নিয়ে জানা যায়, খালটির প্রায় ৬০% জায়গা দখল করে রেখেছেন স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিরা। এতে ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। যার ফলে বৃষ্টির মৌসুমে আশেপাশে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
খাল ভরাটকারী আব্দুল আজিজ বলেন, আমি খাল দখল করিনি। নিজের ব্যবহারের জন্য ভরাট করছি। আমাদের আশেপাশে সবাই খাল ভরাট করেছে। তাই আমার বাড়িতে প্রবেশ করার জন্য খাল ভরাট করছি। সরকারি অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নারিশা ইউপি চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েছি।

নরিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী বলেন, আমি এই বিষয়ে কিছুই জানিনা এবং আব্দুল আজিজ নামে আমি কাউকে চিনিনা। আমরা সরকারি খাল অবমুক্ত করনে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে জায়গায় মানুষের চলাচলের জন্য ছোট সেতু নির্মাণ করা হয়েছে। আগামীকাল আমার উইনিয়নের মেম্বারদের নিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেব।
এবিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে বলেন, এইভাবে খাল দখল বা ভরাট করার কোনো নিয়ম নেই। যদি কেই খাল দখল করে ভরাট করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা দখলকৃত সকল খাল আবমুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। করোনা পরিস্থিতির কারনে এই কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *