ঢাকার দোহার উপজেলার বাহ্রা ঘাট এলাকায় অবৈধভাবে মজুত রাখা ৩০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় হাকিম শিকদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাহ্রা ঘাটে অবস্থিত ‘মোবারক স্টোর’ নামক দোকানে অনুমোদনহীনভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখা হয়েছিল। খবর পেয়ে দোহার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ওই ডিজেল জব্দ করে।
অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করেন।
এ সময় তিনি জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রির নির্দেশ দেন, যাতে স্থানীয় সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, জনস্বার্থে জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
