নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৩ জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি। বুধবার রাত থেকে বিকেলে পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মির্জা তারেক বেগের নেতৃত্বে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহুরুল ইসলাম ও এএসআই রুবেল মোল্লাসহ, সঙ্গীয় ফোর্স নিয়ে পদ্মানদীতে অভিযান চালিয়ে, ১৩ জেলেসহ ৬২ লাখ ৪ হাজার মিটার কারেন্ট জাল ও ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় ।

এ সময় অভিযানে পদ্মা নদী থেকে সরকারী নির্দ্দেশ অমান্য করে মা ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম আটককৃত ৭ জনকে কারাদন্ড আরোপ করেন এবং ৬ জনকে জরিমানা করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন।
কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহুরুল ইসলাম বলেন, আটককৃত ১৩ জনের মধ্যে ৭ জনকে কারাদন্ড দিয়েছে বাকি ৬ জনকে ৫ হাজার করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা অঞ্চলের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মির্জা তারেক বেগ বলেন, মা ইলিশ রক্ষার অভিযানে বিভিন্ন জায়গা থেকে ১৩ জেলেকে আটক করা হয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশ উৎপাদন বাড়াতে গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনব্যাপি অভিযান চলবে। এ সময় ইলিশ ধরা,পরিবহণ, মজুত ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
