ঢাকার দোহার উপজেলায় ভেজাল ও দুধে পানি মিশিয়ে বিক্রি করার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে উদ্ধার করা ভেজাল দুধ বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা বাজারে দুধের মান নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।
আদালত সূত্রে জানা যায়, লটাখোলা বাজারে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুধের মান পরীক্ষা করা হয়। এ সময় দুধে পানি মেশানোর সত্যতা পাওয়ায় ৯ জন বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত ভেজাল দুধ ধ্বংস করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, দুধে পানি মেশানো অত্যন্ত গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন দোহারের পক্ষ থেকে এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
