ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর (সোমবার) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে নিয়ে এক আনন্দঘন পরিবেশে কেক কাটেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শিক্ষকরা হলেন সমাজের আলো এবং জাতি গঠনের কারিগর। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীরাও শিক্ষকদের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে এবং শিক্ষাজীবনে শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।
