দোহারে নির্দেশনার পরেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি ওয়ার্ড কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার পৌরসভার উত্তর জয়পাড়া এলাকায় সরকারি খাল দখলের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরকারি স্থাপনা নির্মাণ কাজ স্থগিত করেন দোহার পৌরসভা এবং সরকারি খাল থেকে স্থাপনা ভেঙে সরিয়ে নিতে আদেশ করেন উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নির্দেশনাকে অমান্য করে স্থাপনা বহাল রেখেছেন দোহার পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানজিদা সুলতানা খালেদা আক্তার ও কুলসুম বেগম গং।
জানা যায়, ইমারত নির্মাণ নীতিমালার তোয়াক্কা না করে এবং সরকারি খাল দখল করে উত্তর জয়পাড়া (কুঠিরপাড় মসজিদ সংলগ্ন) এলাকায় স্থাপনা নির্মাণ করে পৌরসভার ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর খালেদা আক্তার ও কুলসুম বেগম গং। সংবাদ প্রকাশের পরে কাজ বন্ধ করে স্থাপনা ভেঙে সরিয়ে নিতে নির্দেশ দেয় দোহার উপজেলা প্রশাসন। এছাড়া দোহার পৌরসভার অনুমোদন না নিয়ে স্থাপনা করার অপরাধে কাজ বন্ধ রেখে কারণদশানোর নোটিশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বিষয়টি আমি জানার পরে সাথে সাথে সরেজমিনে গিয়ে স্থাপনা ভেঙে কাজ বন্ধ করে দিয়েছি এবং এক, দুই দিনের মধ্যে স্থাপনা ভেঙে সব সরিয়ে নিতে নির্দেশ দিয়েছি। যদি তারা আইন অমান্য করে স্থাপনা ভেঙে সরিয়ে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে কাউন্সিলর সানজিদা সুলতানা খালেদা আক্তারের নিকট মুঠোফোনে স্থাপনা সরিয়ে না নেওয়ার কারন জানতে চাইলে তিনি কোন প্রকার সদউত্তর না দিয়ে এরিয়ে যান এবং সাক্ষাতে কথা বলতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *