ঢাকা দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ উপজেলার ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।
এসময় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৫২তম বিজয়ের মাস, আজ থেকে ৫২ বছর আগে আমরা এই দিনে স্বাধীনতা অর্জন করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিজয়ের অধিনায়ক যার নেতৃত্বে ৭ মার্চের পরে এ দেশকে স্বাধীন করার জন্য আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম, সেই স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
তিনি বলেন, আমি রাজনীতি করি, আমি মানুষের সেবা করি। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার পর এই বৃত্তি প্রদান শুরু করেছি। যারা লেখাপড়ায় ভালো, তাদের উৎসাহ, উদ্দীপণা, অনুপ্রেরণা বাড়াতে আমি এই সুযোগটি করে দিয়েছি।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যেসকল শিক্ষার্থী মেধাবী কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছে না। সেসকল শিক্ষার্থীরা আমার সাথে যোগাযোগ করবে। ইনশা আল্লাহ আমি তাদের পড়াশোনা থেকে ঝরে পড়তে দিব না।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের ৩নং সাধারণ ওর্য়াডের সদস্য মো. শাহজাহান মোল্লা, জেলা পরিষদের ১নং সাধারণ ওর্য়াডের সদস্য মিন্টু হোসেন, জেলা পরিষদের ২নং সাধারণ ওর্য়াডের সদস্য আরিফুর রহমান খান, মো. সুলাইমান শরিফ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল খালাসী, মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজের সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিনসহ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।
