নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের ইমামনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে কুয়েত প্রবাসী মো. মাসুমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বড় ভাই কামাল হোসেন ওরুফে টিক্কা কালামের বিরুদ্ধে। এ ঘটনায় দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন প্রবাসীর স্ত্রী লুবনা আক্তার। তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছেন কামাল হোসেন @ টিক্কা । বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে দোহার উপজেলার ইমামনগর এলাকায় তজর আলী ছেলে কুয়েত প্রবাসী মাসুম এর বাড়ীতে এ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মাসুম কুয়েতে থাকায় তাঁর স্ত্রী লুবনা আক্তার সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। লুবনা আক্তারের অভিযোগ, তিনি ঢাকায় থাকার সুযোগে ইমামনগরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এসময় ঘরে থাকা গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব। তবে অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। বরং তাঁর বাজারের দোকান লুবনা আক্তার ও তাঁর লোকজন ভাঙচুর করেছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় বাসার সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল।
এবিষয়ে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছে।
