ঢাকার দোহার উপজেলায় মো. শহিদ (৪০) নামে এক রিকশা গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার লটাখোলা নতুন বাজার এলাকার একটি রিকশা গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. শহিদ উপজেলার চর লটাখোলা এলাকার করম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ প্রতিদিনের মত শুক্রবার তার গ্যারেজে ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে রিফাত নামে এক যুবক গ্যারেজে গাড়ি নিতে আসেন। এ সময় শহিদ ঘুমিয়ে রয়েছে ভেবে তাকে উঠানোর চেষ্টা করেন রিফাত। ডাকার পরও শহিদ সজাগ না হওয়ায় পাশ্ববর্তী দোকানদের ডেকে আনার পর তারা বুঝতে পারেন শহিদ মারা গেছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। গ্যারেজ থেকে একটি রিকশা ও চারটি রিকশার ১৬টি ব্যাটারি চুরি হয়েছে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
দোহার থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল করে লাশ পোস্ট মর্টেম করার জন্য ঢাকায় পাঠানো হবে। রিকশা ও ব্যাটারি চুরির জন্য শহিদকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
