সাইফুল ইসলাম : ঢাকার দোহার উপজেলায় আঞ্চলিক মহাসড়কে আতঙ্ক হয়ে দাড়িয়েছে ড্রেজার পাইপ। উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারের বটতলা এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে এভাবেই নেয়া হয়েছে ড্রেজার পাইপ। এর কারণে চরম দূর্ভোগে পরেছে যান চলাচল ও পথচারীরা। ড্রেজার পাইপ বসানোর পর থেকেই ছোটখাটো দুর্ঘটনার কবলে পরছে যানবাহন চালকেরা।
ইজিবাইক চালক আলমগীর হোসেন বলেন, মেইন রাস্তায় এভাবে ড্রেজার পাইপ বসানোর কারণে গাড়ি চালাতে আমাদের সমস্যা হচ্ছে। এখানে এখন দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি।
মোটরসাইকেল চালক হারুন উর রশিদ বলেন, আঞ্চলিক মহাসড়কের উপরে এইভাবে ড্রেজার বসিয়ে সাধারণ মানুষের দূর্ভোগ সৃষ্টি করছে অসাধু ব্যবসায়ীরা। অথচ প্রশাসন যেনো দেখছেই না।
পথচারী রায়হান জানান, কিছু বলার নেই। ক্ষমতাবান প্রভাবশালীরা যা কিছু করে তা সবই যেনো ঠিক। যদি ঠিক না হতো তাহলে এভাবে মেইন সড়কের উপর দিয়ে ড্রেজার বসাতে পারতো না কেউ।
স্থানীয়রা বলতে পারছেন না কে বা কারা এই ড্রেজার পাইপ বসিয়েছে এই আঞ্চলিক মহাসড়কে। তবে অনেকে জানলেও মনে হচ্ছিল ভয়ে তারা কিছু বলতে চাচ্ছে না। আর এলাকাবাসীর এই ভয়ই বলে দেয় যারা এই ড্রেজার পাইপ বসিয়েছে তারা কতটুকু ক্ষমতাশালী।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন, দ্রুত সেখানে আমরা অভিযান পরিচালনা করবো।
