দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলার দোহার পৌরসভার উন্নয়ন কর্মকান্ড সর্বস্তরের জনগণের অংশগ্রহণের মাধ্যমে মতামত প্রদানের লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিন এই সভায় সভাপতিত্ব করেন।
সভায়, লোকাল গর্ভনমেন্ট কোভিড-১৯ রেসপন্স এ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের জন্য ৬ মাস ও ৩ মাস মেয়াদী সিআরআরসিপি একশন প্লান পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়া পৌরসভার উন্নয়ন, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু সনদপত্র নিশ্চিতকরণ, ও বিভিন্ন সেবাসহ অন্যান্য বিষয় সংক্রান্ত আলোচনা হয়।
উক্ত সমন্বয় কমিটির সভায় বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও নাগরিকরা নিজ নিজ এলাকার উন্নয়ন ও সমস্যার বিষয়ে তুলে ধরেন এবং পৌর মেয়র এসব সমস্যা সমাধানের পৌর সভার পরিকল্পনা ও রোড ম্যাপ জনগণের সামনে উপস্থাপন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়ে আলোচনা করেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, টিএলসিসি কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহ বিশিষ্টজনরা ওই সভায় উপস্থিত ছিলেন।
