কাজী জোবায়ের আহমেদঃ ঢাকার দোহার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে জিহাদ তালুকদারের নাম ঘোষণা করা হয়। এই পদটি শূন্য থাকায় জিহাদ তালুকদারের নাম উক্ত পদে সংযুক্ত করতে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১৩ নভেম্বর শনিবার লিখিতভাবে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করলে অনুমতি প্রদান করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া জিহাদ তালুকদার দোহার ঘাটা এলাকার মো.বাদল তালুকদারের ছেলে।
পদ ঘোষণার পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হুসাইন জানান, ছাত্রলীগের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এই শূন্য পদটিতে জিহাদের নাম অন্তর্ভূক্ত করা হয়। সে আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমাদের বিশ্বাস উক্ত পদে তার দায়িত্ব পালনে সক্ষম হবে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া জিহাদ তালুকদার নববাংলাকে বলেন, আমার পরিবার একটি আওয়ামী পরিবার। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ও শিক্ষা শান্তি প্রগতির ধারা অব্যাহত রেখে কাজ করে যেতে চাই। এসময় তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান ও সকলের কাছে দোয়া কামনা করেন।
