দোহার-নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে দোহারের পদ্মা সরকারি কলেজ পরিবার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে এমপির কার্যালয়ে কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় এমপি খন্দকার আবু আশফাক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খানের অসুস্থতার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কলেজ ক্যাম্পাসকে রাজনৈতিক ও দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে। যোগ্য শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউসুফ কলেজের সার্বিক উন্নয়নে এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত এইচএসসি টেস্ট পরীক্ষার ফলাফল তুলে ধরে প্রয়োজনীয় পরামর্শও চান।
উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. জালাল হোসেন, সহকারী অধ্যাপক লুৎফর রহমান, প্রভাষক মোতাহার হোসেন, আবুল কালাম আজাদ, তারেক রাজীব, সেলিম হোসেন, আলমগীর হোসেন, আল-আমিন, মাসুদ রানা, হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
