নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদলের পদবঞ্চিত কয়েকজন নেতার তোপের মুখে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা শেষে বের হওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পদবঞ্চিত যুবদল নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান।
পদবঞ্চিত নেতারা ফখরুলকে বলেন, ‘পাঁচ বছর ধরে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি দেয়া হয় না। বিভিন্ন সময় মানববন্ধন-সমাবেশ এবং স্মারকলিপি দেয়ার পরও কমিটি দেয়া হচ্ছে না। দলের জন্য জীবন পার করে দিলাম। হামলা-মামলার শিকার হলাম। তারপরও দলের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের যা প্রাপ্য তা দেয়া হচ্ছে না।’
এ সময় নেতারা দুঃখ প্রকাশ করে বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা ও আমাদের দল লড়াই করে যাচ্ছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের দলের কমিটি দেয়া হচ্ছে না। তাহলে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে সবাই কীভাবে শরিক হবে?
এ সময় মির্জা ফখরুলকে তারা বলেন, তিনি যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যুবদলে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার জন্য অনুরোধ করেন।
মির্জা ফখরুল পদবঞ্চিত যুবদল নেতাদের কথা শুনেন, এবং তারেক রহমানের সঙ্গে কথা বলে বিষয়টা দেখা হবে বলে তাদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মঈনুল ইসলাম হিটু, সৈয়দ আবেদীন প্রিন্স, মো. রাসেল মিয়া, এম.এ মিঠু, তাজউদ্দীন মাহমুদ সাগর, সেলিম রেজা, আহসান উল্লাহ তুষার, জাহাঙ্গীর আলম জ্যাক, মো আলামিন, আবু বক্কর সিদ্দিক, আকাশ ও ফজলু প্রমুখ।
