টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ (৬৮) ও তার ছেলে মো. পলাশ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে চাঠাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ শেখ ও তার সহোদর ভাই ইদ্রিস শেখের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধে জরিফ শেখ ও তার পরিবারের সদস্যরা ইদ্রিস শেখের পক্ষ নেওয়ায় ইউসুফ শেখ ও তার ছেলে পলাশের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সকালে ইউসুফ শেখ ও ইদ্রিস শেখের মধ্যে সীমানা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে জরিফ শেখের স্ত্রী ফাতেমা বেগম তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন।
এ সময় ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে মারধরের উদ্যত হলে বিষয়টি জানতে পেরে জরিফ শেখ ঘটনাস্থলে এসে বাধা দেন। অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জের ধরে ইউসুফ শেখ হাতে থাকা কুড়াল দিয়ে জরিফ শেখের মাথায় আঘাত করেন।
এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে মো. পলাশকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
