ডেস্ক: সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। ক্লাসে গেলেও অনেক সময় মানসম্মত পাঠদান হয় না। ৩০ মিনিটের ক্লাস ৫ মিনিটে শেষ করেন কিছু শিক্ষক। ক্লাসে শিক্ষকদের ফাঁকি ও অবহেলাসহ সার্বিক বিষয় তদারকি করতে কেন্দ্রীয়ভাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস মনিটরিংয়ের উদ্যোগে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি সূত্র জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস মনিটরিং করা হবে। মাউশির সহকারী পরিচালকরা ডিএমএস অ্যাপের মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি লাইভ ভিডিওকলে মনিটরিং করবেন।
এদিকে, মাঠপর্যায়ে ডিজিটাল তদারকি জোরালো করতে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নম্বর পিডিএসে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া দক্ষ শিক্ষকদের নিয়ে ‘মাস্টার ট্রেইনার পুল’ ও ‘টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর পাশাপাশি এনসিটিবি’র সঙ্গে সমন্বয় করে অভিন্ন পাঠ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি (সেপ্টেম্বর) মাস থেকে এআই ও প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণ শুরু হচ্ছে। আইসিটি প্রকল্পের আওতায় এরই মধ্যে ৩ লাখ ৫ হাজার ২৮৮ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পাশাপাশি গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি মেটাতে বিশেষায়িত প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা সপ্তাহে নতুন ক্যাটাগরিতে শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার দেওয়া হবে।
সংসদ টিভির প্রযুক্তি ব্যবহার করে ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সহশিক্ষা কার্যক্রম নিশ্চিতেও মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
