কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জরে রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা (ভাষানচর) এলাকার এক পরিত্যক্ত স্থান থেকে জুয়েল (২৩) নামের এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার ভোররাতে রোহিতপুর নতুন সোনাকান্দা রোডের আম বাগানের পাশে থেকে জুয়েলের লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ হাত-পা বাঁধা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানায়, নিহত জুয়েল পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত লাখিরচর গ্রামে ভাড়া থাকতো। সে ভোলা জেলার লালমোহন থানার টেগাইট্যা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। নিহত জুয়েল এক সন্তানের জনক।
জুয়েলের স্ত্রী জানান, জুয়েল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রিকশা নিয়ে ঘর থেকে হয়ে রাত ১০ টায় বাড়ী না ফেরায় নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে। সারা রাত খোঁজাখুঁজির পর শুক্রবার ভোরে তাকে পরিত্যক্ত স্থান থেকে মৃত অবস্থায় পায় স্বজনরা। পুলিশ এবং এলাকাবাসীর ধারণা ছিনতাইকারীরাই জুয়েলকে হত্যা করে তার রিকশা নিয়ে গেছে। বেশ কয়েকদিন আগেও ডাকাত ও ছিনতাইকারী দল জুয়েলকে হত্যা করার জন্য এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছিল।
সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদ আলম বলেন, নতুন সোনাকান্দা এলাকার এক আম বাগানের পরিত্যক্ত স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অটোরিকশা চালক জুয়েলের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গেফতারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
