কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মোঃ সুন্দর আলী (৪৬)কে অপহরণ করে আটক রেখে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করা আটককারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কুদ্দুস মিয়া(৩৮),মোঃ জুয়েল রানা(৪০)ওরফে কুত্তা জুয়েল, মোঃ রাকিব হাওলাদার(২৬) ও মোঃ অপু মীর(৩৫)। আজ দুপুরে রাজেন্দ্রপুর র্যাব-১০ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর ল- অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ১৯ জুলাই অটোরিকশাচালক সুন্দর আলী তার রিক্সা নিয়ে বিকেল সাড়ে পাঁচটায় গোলামবাজার থেকে কোনাখোলা হয়ে ধর্মশুর এলাকায় আসলে এসময় উক্ত অপহরণকারীরা তার অটো রিক্সার গতিরোধ করে তাকে মারধর করে রামের কান্দা বালুর মাঠ এলাকায় নির্জন স্থানে তাকে নিয়ে যায়। এ সময় তার পরিবারের কাছে অপহরণকারীরা ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এতে অটো চালকের পরিবারের লোকেরা অপহরণকারীদের নিকট ৩৯ হাজার টাকা নগদ একাউন্টের মাধ্যমে পাঠায়। কিন্তু এতেও অপহরণকারীরা অটো চালককে মুক্তি না দিয়ে তাকে নিয়ে অপহরণকারী রাকিবের বাড়িতে একটি ঘরে তালা বদ্ধ করে রাখে। কোন উপায়ান্তর না পেয়ে অটো চালকের পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে র্যাব-১০ কে অবহিত করে। এই ঘটনায় র্যাব-১০ এর একটি চৌকস অভিযনিক দল তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ২০ জুলাই দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ কুদ্দুস মিয়া,মোঃ জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল,মোঃ রাকিব হাওলাদার ও মোঃ অপু মীরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের নামে কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
