কেমন আছেন মৈনটঘাটের কর্মহীন মাঝিরা?

মো.কামাল হোসেন : ২৩ মার্চ রোববার থেকে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটের নৌযান চলাচল। নৌযান চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পরেছেন প্রায় শতাধিক নৌকার মাঝি।ফলে তাদের অনেকে মানবেতর জীবনযাপন করছেন। কেউ অর্ধহারে কেউ বা আবার দিন কাটাচ্ছে অনাহারে। মৈনটঘাটের নৌকার মাঝিরা কেউ সরকারি কিংবা বেসরকারি ত্রাণসামগ্রী পেলেও ত্রাণ পাননি বেশিরভাগ মাঝিরা।

ত্রাণ না পাওয়া মাঝিরা অনেক কষ্টে দিন কাটাচ্ছে। কথা হয় মৈনটঘাটের মাঝি জয়নালের সাথে, তিনি নববাংলা কে জানান, ‘আমরা নৌকা চালাইয়া আয় রোজগার করি। যেদিন খেপ পায়, সেদিন পয়সা পায়।একমাস ধইরা নৌকা বাইতে পারি না। কোনো আয় রোজগার নাই। দিন চলে না। অনেকে অনেক কিছু পেয়ছেন। আমারে কেউ কিচ্ছু দেয়নাই।’

স্পিড বোটের মাঝি নাদির মোল্লা জানান, ‘ভাই আমি এক মাস ধইরা বসা।আগে যা রোজগার করছি সব ফুরায় গেছে এখন ধার কইরা সংসার চালায়তেছি। চাল, ডাল কিছুই পাই নাই। আপনেরা আমাগো দেইখেন।’ মাহমুদপুরের জাফর মাঝি নববাংলা কে জানান, ‘আমি গরিব মানুষ। নৌকা চালাইতাম। এখন রোগের কারণে ঘাট বন্ধ। অন্য কামও নাই। একজনে কিছু খাওন দিছিলো তাও শেষ। কষ্টে আছি পুলাপান নিয়া।’

এসব মাঝিদের মতোই পরিবার নিয়ে কষ্টে আছেন আরও অনেক মাঝি পরিবার। করোনা মহামারীর গ্রাস শেষ হোক অতি দ্রুত, নৌকার মাঝিদের জীবনযাত্রা হয়ে উঠুক স্বাভাবিক এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *