কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বাঙ্গরা বাজার থানার্ধীন কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তার স্ত্রী পারভীন আক্তার ও প্রাইভেটকার চালক নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন তার শ্বশুর আবু বকরের মৃত্যুর সংবাদ শুনে মঙ্গলবার সকালে স্ত্রী পারভিন আক্তারকে নিয়ে চট্রগ্রাম থেকে ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়া এলাকায় শ্বশুর বাড়ীতে যাচ্ছিলেন। দুপুরে জেলার মুরাদনগর উপজেলার মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি চাকা বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ ৩জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করে।

বাঙ্গরাবাজার থানার ওসি মো. কামরুজ্জামান জানান, নিহত পারভীন আক্তার এর পিতার মৃত্যুর সংবাদে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে যাচ্ছিলেন।  নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *