জেলা প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত দুইজনই কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) পাংশা পৌরসভার কলেজ রোডে ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবি কর্মকর্তা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাজবাড়ীর উপ-পরিদর্শক (এসআই) শিমুল শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
