নিজস্ব প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সুরকার মলয় কুমার গাঙ্গুলী ও গীতিকার হাসান মতিউর রহমানের ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ গানটি নতুন সংগীতায়োজনে আনছেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ শুক্রবার তার বাসভবনে এ গানের মোড়ক উন্মোচন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গানবাংলা টেলিভিশন।
টি এম প্রোডাকসন্স ও টি এম রেকর্ডসের যৌথ আয়োজনে এ গানে কণ্ঠ দিয়েছেন- ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তি, পুতুল, ঝিলিক, কর্ণিয়া ও কৌশিক হোসেন তাপস। গানের ভিডিও নির্মাণ করেছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।
অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, “গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস ‘যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই’ এই গানটিকে বর্তমান প্রজন্মের কণ্ঠশিল্পীদের নিয়ে নতুন আঙ্গিকে সঙ্গীতায়োজন করে যে ভিন্ন মাত্রা যুক্ত করেছেন, তাতে এই গানটি অন্যরকম এক উচ্চতায় পৌঁছে গেছে। আমরা এমন আরও কাজ চাই গানবাংলার কাছে।”
নতুন সংগীতায়োজনে গানটি পুনঃনির্মাণ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, “এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী ও সময়োপযোগী সংগীতায়োজনে গানটিতে যতটুকু সম্ভব ভিন্ন মাত্রা যুক্ত করতে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি, যেন নতুন সংগীতায়োজনের মাধ্যমে বর্তমান এবং আগামী প্রজন্মকে গানটির সঙ্গে আরও ব্যাপকভাবে সংযুক্ত করা যায়।”
শোক দিবসের প্রথম প্রহরে গানবাংলা টেলিভিশন এবং এর ফেইসবুক, ইউটিউব চ্যানেলে একযোগে গানটি প্রচার হবে।
