নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমন রোধে আগামীকাল (৯ এপ্রিল) বৃহস্পতিবার থেকে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলা আংশিক লকডাউন থাকবে। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।
ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা- ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান, ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান ও ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের সম্মতিক্রমে দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের করোনাভাইরাস সংক্রমন থেকে বেচেঁ থাকার স্বার্থে সমন্বিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানী ঢাকা ও পাশ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসাথে দোহার ও নবাবগঞ্জের সড়ক যোগাযোগও অনেকটা বিচ্ছন্ন রাখা হবে বলে জানান তিনি।
সাজ্জাদ হোসেন আরও বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে কাল বৃহস্পতিবার থেকে আংশিক লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করবে দোহার থানা পুলিশ। দোহারের ৯টি ছোট ছোট সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্নভাবে বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা-দোহার সড়কের ফুলতলা, পালামগঞ্জ ও নিকড়া সড়ক দিয়ে পণ্যবাহী যান চলাচল অব্যাহত থাকবে। এসব স্থানে চেকপোস্ট বসানো হবে এবং থার্মাল স্ক্যানার দিয়ে চেক করে প্রবেশের অনুমতি দেয়া হবে। প্রতিটি সড়কে জরুরী প্রয়োজন ছাড়া মানুষের চলাচল সীমিত করা হবে। দোহার উপজেলার মানুষের স্বার্থেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, ঢাকা শহর ও কেরানীগঞ্জে করোনা রোগী বাড়ছে, সে কারণে দোহার ও নবাবগঞ্জের মানুষকে নিরাপদে রাখতে বিষয়টি নিয়ে ঢাকা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেছেন সংসদ সদস্য সালমান এফ রহমান। পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে আংশিক লকডাউনের সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্টের মাধ্যমে যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাহউদ্দিন মনজু বলেন, পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলায় বেশ কয়েকজন করোনা রোগী সনাক্ত হয়েছে বলে জানা গেছে। রাজধানী ঢাকাতেও করোনা রোগীর পরিমাণ বেড়েই চলছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাল থেকে বাহিরের কেউ যেনো নবাবগঞ্জে অবাধে প্রবেশ করতে না পারে সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে। একই সাথে পণ্যবাহী যান ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল থাকবে সীমিত।
এদিকে করোনা আতঙ্কে দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের নিজ উদ্যোগে চলাচলের সড়ক বাঁশ দিয়ে আটকে অনেকটা লকডাউন করে দিয়েছে গ্রামবাসী। প্রবেশ করতে দেয়া হচ্ছে না কোনো প্রকার যানবাহন। অপরিচিত লোক দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
