দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস বলেছেন, ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায় ট্রেজারীর টাকা বিএনপি খায় কিভাবে। বিএনপি কখনও দেশে লুটপাটের রাজনীতি করেনি। ১/১১ কুশীলবদের সহায়তায় আওয়ামীলীগ ক্ষমতায় এসে ট্রেজারীর টাকা লুটপাট করেছে। সময় এসে গেছে, দেশের জনগণ আপনাদের পালাতে দিবে না।
রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পুকুরপাড় খন্দকার বাড়ির আঙিনায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মীর্জা আব্বাস বলেন, আওয়ামীলীগ সরকার ১৫ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতের আধাঁরে সাধারণ মানুষের ভোট চুরি করে ক্ষমতায় বসে আছে। আপনার বিচার হবেই একদিন এই মাটিতে।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বেগম খালেদা জিয়া অঙ্গিকার করেছিলেন যতদিন স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি ততদিন ঘরে ফিরে যাব না। বেগম খালেদা জিয়া পেড়ে ছিলেন। আজ তাদের সন্তান গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বলে তারেক রহমানকে আওয়ামীলীগ ঈর্ষা করে।
সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের লুটপাটের টাকা জায়েজ করতে দোষ চাপিয়ে দিচ্ছেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উপর। দেশের জনগণ বিএনপিকে বিশ্বাস করে এবং বিএনপিই পারবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে। তিনি বলেন, আজ জনগণ তৈরি, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীন করার জন্য। বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য ঢাকা জেলা প্রস্তুত। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১০ ডিসেম্বরের পর আমরা গণতন্ত্র ফিরে পাবো ইনশাল্লাহ।
সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. নিপুন রায় চৌধুরী প্রমুখ।
