ফেসবুক অ্যাকাউন্ট নেই বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো কিছুই ব্যবহার করেন না। তাই তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (রাজনৈতিক) কামরুজ্জামান চৌধুরী।

রোববার (২৮ জুন) কামরুজ্জামান বলেন, ‘বাণিজ্যমন্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। শুধুমাত্র তার নামে Tipu Munshi Fan Club নামে একটি পেজ চালু আছে। এটি তার অফিসের স্টাফরা চালান।’

তিনি বলেন, ‘তারপরও অনেকে বাণিজ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ফেক অ্যাকাউন্ট খুলে চালায়। এরই মধ্যে কিছুদিন আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে এ ধরনের কয়েকটি ফেক আইডি বন্ধ করা হয়েছে। তারপরও বর্তমানে কিছু ফেক আইডি লক্ষ্য করা যাচ্ছে।’

মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আরও বলেন, ‘এসব ফেক আইডিগুলো যারা পরিচালনা করেন তাদের অনুরোধ করা যাচ্ছে, আইডিগুলো বন্ধ করে দিন। তা নাহলে তথ্য অধিকার আইনে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।’

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুক্তিযোদ্ধা টিপু মুনশি। ২০১৯ সালের জানুয়ারিতে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা টিপু মুনশি বিজিএমইএর সাবেক সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *