নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া লটাখোলার ওই নারী মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। সপ্তাহে দুইবার ঢাকা গিয়ে ডায়ালাইসিস করাতে হতো তাকে। আক্রান্ত ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে লটাখোলা এলাকার ওই নারীর করোনা পজিটিভের বিষয়টি আমরা নিশ্চিত হই। তাঁর কিডনিজনিত সমস্যা ছিল এবং নিয়মিত ডায়ালাইসিস করাতে হতো। ডায়ালাইসিস ও করোনার চিকিৎসা যাতে একসাথে সে বিষয়টি আমরা মাথায় নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে লটাখোলার বাড়ি থেকে তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়ে দেই। অ্যাম্বুলেন্সে ঢাকা নেয়ার পথে টিকরপুর নামক স্থানে তার মৃত্যু হয়।
ডা. জসিম উদ্দিন জানান, মৃত ওই নারীর লাশ ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা প্যাকেটিং সহ সম্পূর্ণ প্রক্রিয়া করে দেবেন। যেহেতু মৃত নারী হিন্দু সম্প্রদারের সেহতু তার পরিবার চাইলে প্রক্রিয়ার তিন ঘন্টা পর ধর্মীয় মতে কার্য সম্পাদন করতে পারবেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে লটাখোলা এক্সিম ও যমুনা ব্যাংক সংলগ্ন করোনা আক্রান্ত ওই নারীর বাড়ি সহ ১০টি বাড়ি এবং পার্শ্ববর্তী সড়কের ৭টি দোকান লকডাউন করেছে প্রশাসন। সকালে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন সহ দোহার থানা পুলিশের সদস্যরা।
