স্টাফ রিপোর্টার : ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউয়িন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার হোসেন (ভুলু)-এর বিরুদ্ধে সরকারের জনবান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি চাল ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তিনি ঐ ইউনিয়নের ওএমএস চালের ডিলার। এবিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ৩শ’ টাকায় ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও তিনি দিয়েছেন প্রতি বস্তায় ২২-২৬কেজি। এছাড়া ভিজিএফ কার্ড ও ১০টাকা মূল্যের চালের কার্ড দিতে ২০০-৫০০টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ পাওয়া যায়। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও তিনি কোন কার্ড বা চাল সহায়তা দিচ্ছেননা। এ বিষয়ে এলাকাবাসীর স্বহস্তে স্বাক্ষরপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তারা ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন।
এবিষয়ে জানতে ডিলার গোলাম সারোয়ার হোসেন (ভুলু)’র মুঠো ফোনে শনিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকবার সংযোগ দেয়া হয়। প্রতিবারই মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
আগলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. ফরিদ অভিযোগের সত্যতা জানিয়ে বলেন, আমি বিষয়টি শুনেছি। চাল বিতরণে আমাদের কোন দায়িত্ব দেয়া হয়নি। তাই সে সময়ে ছিলাম না।
আগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরুজ খান বলেন, ভুলুর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এলাকায় নানান অপকর্মের সাথে জড়িত সে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু বলেন, অভিযোগটি আমার কাছে আসেনি। তবুও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষয়টি তদন্ত করবেন।
